বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৮ আগস্ট ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা


জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোড ম্যাপ (কর্মপরিকল্পনা) ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রোডম্যাপ ঘোষণ করেন।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে। নভেম্বরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজ শেষ হবে।

প্রসঙ্গত, ইসি জানিয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে।

ইসি কর্মকর্তারা আরও জানিয়েছেন, রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলো- আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ, নতুন রাজনৈতিক দল নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী সামগ্রী ক্রয়, প্রবাসীদের ভোটাধিকার, খাম ও ব্যালট ফরম মুদ্রণ, ভোটকেন্দ্র চূড়ান্তকরণ, ভোট গ্রহণ কর্মকর্তার নিয়োগ ও প্রশিক্ষণ- কবে সম্পন্ন হবে, তা সময়সূচিসহ উল্লেখ রয়েছে। তবে রোডম্যাপে ভোটের নির্দিষ্ট তারিখ বা তপশিল উল্লেখ করা হয়নি।

ইসি সূত্র আশা প্রকাশ করেছে, এই রোডম্যাপের মাধ্যমে নির্বাচনী প্রস্তুতি আরও স্বচ্ছ ও পরিকল্পিত হবে এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচন সংক্রান্ত উদ্বেগ কমবে।