বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৯ আগস্ট ২০২৫, ৯:২৭ অপরাহ্ন
শেয়ার

বুয়েট শিক্ষার্থী শাদিদের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, ডিএমপির দুঃখ প্রকাশ


Buet-student
বুয়েটের আহত শিক্ষার্থী সৈয়দ শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার সন্ধ্যায় তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাদিদকে দেখতে গিয়ে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ ব্যাচের শিক্ষার্থী শাদিদ বর্তমানে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন। এ সময় কেবিনে শাদিদের বাবা-মা ও বোনসহ আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। প্রতিনিধিদের সামনে শাদিদের মা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর যেন আর কোনো ধরনের বলপ্রয়োগ না হয়, সে নিশ্চয়তা চান।

প্রতিনিধিরা বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। তারা পরিবারকে আশ্বস্ত করেন যে সরকারের পক্ষ থেকে শাদিদের চিকিৎসায় সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

কর্তব্যরত চিকিৎসক জানান, শাদিদের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল থাকলেও আগামী পাঁচটি দিন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর সেলাই পরিস্থিতি বিবেচনায় আইসিইউতে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা এম ফাওজুল কবির খানের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। পরে তারা শাদিদের সহপাঠী ও প্রকৌশল অধিকার আন্দোলনের সংগঠকদের সঙ্গেও কথা বলেন।

সেখানে শিক্ষার্থীরা স্নাতক প্রকৌশলীদের দাবির শান্তিপূর্ণ ও যৌক্তিক সমাধানের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।