বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৬ অপরাহ্ন
শেয়ার

ঘোষণা মানেই সংস্কার নয়: রেহমান সোবহান


Rehman-Sobhan
অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, নির্বাচন সামনে রেখে আগামী ছয় মাসে কোন সংস্কারগুলো অগ্রাধিকার পাবে- তা এখনও স্পষ্ট নয়। কেবল রাজনৈতিক দলগুলো একটি কাগজে স্বাক্ষর করলেই সংস্কার বাস্তবায়িত হয় না।

সোমবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নাগরিক প্ল্যাটফর্ম ফর এসডিজি বাস্তবায়নের উদ্যোগে ‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নামের নতুন উদ্যোগের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠান হয়।

রেহমান সোবহান বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে দেশে গ্রহণযোগ্য কোনো সংস্কার প্রক্রিয়া দেখা যায়নি। অনেক আলোচনার পর দলিল প্রস্তুত হয়, অঙ্গীকারও করা হয়, কিন্তু সুনির্দিষ্ট ও টেকসই প্রক্রিয়ার মাধ্যমে তা বাস্তবায়িত হয় না।

অন্তর্বর্তী সরকারের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার সংস্কারের বড় তালিকা করেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে। তবে কোন সংস্কার নির্বাহী আদেশে বাস্তবায়ন শুরু হবে আর কোনগুলো সংসদে আইন পাসের মাধ্যমে হবে- তা স্পষ্ট করতে হবে। তার মতে, কেবল ঘোষণা দিলেই সংস্কার হয়ে যায় না।

সংস্কারের ক্ষেত্রে অংশীজনের সঙ্গে আলোচনা, জনগণের চাহিদা বোঝা, সংসদীয় কমিটির বিস্তারিত পর্যালোচনা এবং স্বচ্ছতা-জবাবদিহির মধ্য দিয়েই কার্যকর ফল আসবে। কিন্তু এখনো বাংলাদেশে এমন চর্চা গড়ে ওঠেনি বলে মন্তব্য করেন তিনি।

১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকার সময়কার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তখন ২৫০ জন বিশেষজ্ঞকে নিয়ে ২৯টি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। বর্তমান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও একটি টাস্কফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সরকারগুলো সেই প্রস্তাব কার্যকর করেনি।

‘বাংলাদেশ রিফর্ম ওয়াচ’ নিয়ে তিনি বলেন, শুধু প্রতিবেদন তৈরি বা মনিটরিং করলেই হবে না, রাজনৈতিক দল ও নাগরিক সমাজ যদি যৌথভাবে এগিয়ে আসে, তবেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্বে ছিলেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য।