
দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ আগা খান স্থাপত্য পুরস্কার জিতেছেন দেশের শীর্ষস্থানীয় স্থপতি মেরিনা তাবাসসুম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বৈশ্বিকভাবে মর্যাদাপূর্ণ এই পুরস্কার ঘোষণা করা হয়। এ বছর বিজয়ী হিসেবে সাতটি প্রকল্পের নাম ঘোষণা করা হয়েছে।
মেরিনা তাবাসসুমই প্রথম বাংলাদেশি স্থপতি যিনি একাধিকবার এই মর্যাদাপূর্ণ স্থাপত্য পুরস্কার জিতলেন।
মেরিনা তাবাসসুম তার ‘খুদিবাড়ি’ প্রকল্পের জন্য এবার এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আগামী ১৫ সেপ্টেম্বর কাজাখস্তানের বিসকেকে পুরস্কার প্রদান করা হবে। এর আগে ২০১৬ সালে আবদুর রউফ মসজিদের স্থাপত্যের নকশার জন্য আগা খান পুরস্কার জেতেন মেরিনা তাবাসসুম।
সম্মিলিতভাবে এবারের আগা খান পুরষ্কারজয়ী কাজগুলি বহুত্ববাদ, সামাজিক রূপান্তর, সাংস্কৃতিক সংলাপ এবং জলবায়ু-প্রতিক্রিয়াশীল নকশার জন্য স্থাপত্যের অনুঘটক হিসেবে ভূমিকা রেখেছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস তৈরি পুরস্কৃত প্রকল্প ‘খুদি বাড়ি’ বা ‘লিটল হাউস’ বাংলাদেশের বন্যা ও নদী ভাঙনের কারণে বারবার বাস্তুচ্যুত হওয়া চরে বসবাসকারীদের জন্য একটি উপযোগী এবং সাশ্রয়ী মূল্যের কমিউনিটি দ্বারা স্ব-নির্মিত আবাসন সমাধান।



































