
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এপিএইচআরের প্রতিনিধিদল
রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অ্যাডভোকেসি গ্রুপের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এপিএইচআর এই প্রস্তাব দেয়।
এপিএইচআরের কো-চেয়ারপারসন ও মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য চার্লস সান্তিয়াগো বলেন, অগ্রাধিকার ভিত্তিতে দুটি কাজ করতে হবে— রোহিঙ্গাদের জন্য তহবিল সংগ্রহে আসিয়ানের নেতৃত্বাধীন প্রচেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে আসিয়ান-বাংলাদেশ-চীন উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্মেলন আয়োজন।
প্রধান উপদেষ্টা আসিয়ানের সহযোগিতা কামনা করে বাংলাদেশকে সংস্থাটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই। যেহেতু আমরা আসিয়ানের অংশ নই, তাই সরাসরি এজেন্ডায় আনতে পারি না। কিন্তু সমস্যাটির সমাধান জরুরি।”
ড. ইউনূস এপিএইচআরের প্রতি আহ্বান জানান একটি সংসদীয় গ্রুপ গঠনের, যেখানে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, “এটি আমাদের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ সংকটটি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। আসিয়ানের উচিত একটি প্ল্যাটফরম তৈরি করে বাকি বিশ্বকে জানানো।”
এপিএইচআরের সহসভাপতি চার্লস সান্তিয়াগো বলেন, ২০১৮ সালে রোহিঙ্গা শিবির পরিদর্শনের পর থেকে আসিয়ান ইস্যুটি পর্যবেক্ষণ করছে। তবে গত কয়েক বছর মায়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিকে মনোযোগ দেওয়ায় সক্রিয়তা কিছুটা কমে গিয়েছিল।
এ সময় মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সদস্য ওয়াং চেন, ফিলিপাইনের কংগ্রেসের সাবেক সদস্য রাউল ম্যানুয়েল এবং এপিএইচআরের প্রগ্রাম ডিরেক্টর চোনলাথান সুফাইবুনলার্ড উপস্থিত ছিলেন।



































