বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
শেয়ার

দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচার

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে মামলা


saifuzzamanদুবাইয়ে এক হাজার ২০০ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পাচারকৃত অর্থ দিয়ে তিনি দুবাইয়ে ২২৬টি ফ্ল্যাট কেনার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায় বিনিয়োগ করেছেন বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ সালের জানুয়ারি থেকে পর্যায়ক্রমে ভূমি প্রতিমন্ত্রী ও মন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, আরামিট গ্রুপ এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন।

সিআইডির অনুসন্ধানে জানা যায়, ২০১৬ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি দুবাইয়ের বুর্জ খলিফাসহ বিভিন্ন স্থানে ২২৬টি ফ্ল্যাট কিনেছেন। যার বাজারমূল্য ৩৩ কোটি ৫৬ লাখ দিরহাম। এছাড়া তার স্ত্রী রুকমীলা জামানের নামেও দুবাইয়ে সম্পত্তির তথ্য পাওয়া গেছে।

তদন্তে আরও বেরিয়ে এসেছে, দুবাই ইসলামী ব্যাংক, জনতা ব্যাংক ও ফার্স্ট আবুধাবি ব্যাংকের চারটি হিসাবে বিপুল অঙ্কের দিরহাম ও মার্কিন ডলারের লেনদেন হয়েছে, যার পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩১১ কোটি টাকা। তবে এসব বিনিয়োগ ও সম্পত্তি কেনার জন্য সরকারের কোনো অনুমতি তিনি নেননি।

সিআইডি জানায়, এভাবে প্রায় ১,২০০ কোটি টাকা পাচার করে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করেছেন সাইফুজ্জামান। এ ঘটনায় সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুকমীলা জামানসহ ৫-৭ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে সিআইডি।

অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাতপরিচয় অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।