বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ৪ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার

ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে জাতিসংঘের পূর্ণ সমর্থন আছে: গুইন লুইস


Yunus-Luis
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাতিসংঘের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়।

সাক্ষাৎকালে গুইন লুইস নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, স্বচ্ছ, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের জন্য জাতিসংঘ সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

এ সময় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সরকারের সংস্কার এজেন্ডা নিয়ে আলোচনায় তিনি প্রশংসা করেন অন্তর্বর্তী সরকারের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সহযোগিতা। পাশাপাশি সংস্কার উদ্যোগগুলো এগিয়ে নিতে জাতিসংঘের বর্ধিত সহায়তা কীভাবে দেওয়া যায়, তা নিয়েও মতবিনিময় হয়।

বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও এই মাসের শেষ দিকে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। উভয়পক্ষ রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল হ্রাসে গভীর উদ্বেগ প্রকাশ করে। জানানো হয়, অর্থসংকট ইতোমধ্যে শরণার্থী শিবিরে শিক্ষা ও অন্যান্য জরুরি সেবায় প্রভাব ফেলছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “রোহিঙ্গা সংকটে কার্যকর মানবিক প্রতিক্রিয়া বজায় রাখতে টেকসই আন্তর্জাতিক সংহতি এবং বাড়তি সহায়তা এখন সময়ের দাবি।”

আবাসিক সমন্বয়কারী লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ায় জাতিসংঘের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে সহায়তার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।