
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় ত্রাণ বহনকারী বিমান বাহিনীর বিমানটি সেনা নিবাসের বিমান ঘাঁটি থেকে আফগানিস্তানের উদ্দেশে ছেড়ে যায়। ত্রাণ হস্তান্তর ও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়ার জন্য সঙ্গে যান ১৬ সদস্যের প্রতিনিধি দল।
বিমান উড্ডয়নের আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অপারেশন্স ও পরিকল্পনা পরিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবিলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা দেয়া হচ্ছে।
ত্রাণ বহনকারী বিমানটির সঙ্গে সশস্ত্র বিভাগের একজন সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন এবং বিমান বাহিনীর ১৪ সদস্যসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিএমইএ, এসেনশিয়াল ড্রাগস্ কোম্পানি লিমিটেড এবং প্রাণ-আরএফএল।
এর আগে ২০২২ সালের ভূমিকম্পের পরও বাংলাদেশ আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠিয়েছিল।
গত ৩১ আগস্ট আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হানে। এতে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারান, আহত হন সাড়ে তিন হাজারের বেশি এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।





































