রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরা পাগলার কবর অবমাননা এবং মরদেহে অগ্নিসংযোগের ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই অমানবিক ও ঘৃণ্য কাজ শুধু আইন নয়, একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপরও আঘাত হেনেছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সরকারি এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, এ ধরনের বর্বরতা কোনোভাবেই সহ্য করা হবে না। আইনের শাসন সমুন্নত রাখা এবং মানুষের জীবন ও মর্যাদার সুরক্ষা নিশ্চিত করাই সরকারের অঙ্গীকার। জীবদ্দশায় হোক বা মৃত্যুর পর- মানুষের মর্যাদা অক্ষুণ্ন রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
বিবৃতিতে আরও বলা হয়, এই জঘন্য অপরাধে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়।
সরকারি বিবৃতিতে দেশের সব নাগরিকদের প্রতি ঘৃণা প্রত্যাখান, সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া এবং মর্যাদা, ন্যায়বিচার ও মানবতার নীতিগুলোকে ধারণ করার আহ্বান জানানো হয়।






































