
চার দফা দাবিতে গণছুটি ঘোষণা করে কর্মস্থল থেকে অনুপস্থিত থাকা পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা–কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যাবশ্যক সেবা। এই সেবায় বিঘ্ন ঘটানো বা বাধা সৃষ্টি করা অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। কর্মকর্তাদের দাবি পূরণের বিষয়ে সরকারের প্রচেষ্টা চলছে, সরকার এ বিষয়ে সংবেদনশীল।
তাই গণছুটির নামে কর্মস্থল ত্যাগকারী কর্মকর্তা-কর্মচারীদের ২৪ ঘণ্টার মধ্যে কাজে ফেরার নির্দেশ দেওয়া হলো। নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানি বন্ধসহ চার দফা দাবিতে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে গেছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। এতে গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন।









































