
ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুত ভোটকেন্দ্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে এবারে প্রার্থীর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। ফলে ভোটারদের সময় নিয়ে ভোট দিতে হবে। সামান্য ভুলের কারণেই ভোট নষ্ট হয়ে যেতে পারে। এবারের ডাকসু নির্বাচনে ব্যবহার হবে পাঁচ পৃষ্ঠার ব্যালট, আর হল সংসদের জন্য থাকবে এক পৃষ্ঠার ব্যালট।
ভোট গ্রহণ হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোটাররা অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে নিজেদের প্রার্থী নির্বাচন করবেন। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য থাকছে ব্রেইল পদ্ধতির ব্যালট।
প্রার্থী ও পদ সংখ্যা: নির্বাচন কমিশন সূত্রমতে, এবারের ডাকসুতে ২৮টি পদে লড়বেন ৪৭১ জন প্রার্থী। আর ১৮টি হল সংসদে ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। সব মিলিয়ে ভোটারদের দিতে হবে ৪১টি ভোট।
চিফ রিটার্নিং কর্মকর্তার অফিস ইতিমধ্যেই ভোটের নিয়মকানুন নিয়ে সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি ভোট প্রদানে ছাত্র–ছাত্রীকে উৎসাহিত করতে তিনটি অনুষদ ও একটি ইনস্টিটিউটে সভা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসব সভায়ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন ভোটারদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে জানানো হয়েছে।
যেভাবে দেওয়া যাবে ভোট: ভোটার শনাক্তকরণে প্রথম বর্ষের শিক্ষার্থীদের লাইব্রেরি কার্ড বা পে-ইন স্লিপ দেখাতে হবে। অন্য বর্ষের শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন হল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড বা লাইব্রেরি কার্ড। শনাক্তকরণের পর ভোটারের আঙুলে অমোচনীয় কালির দাগ দেবেন ভোট গ্রহণ কর্মকর্তা।
ভোটার তালিকায় নিজের নামের পাশে স্বাক্ষর করবেন ভোটার। এরপর পোলিং কর্মকর্তাকে ভোটার নম্বর জানাতে হবে। ব্যালট নিয়ে ভোটার প্রবেশ করবেন গোপন ভোট কক্ষে। ব্যালট পেপার থেকে পছন্দের প্রার্থীর নাম ও ব্যালট নম্বর খুঁজে বের করবেন ভোটার।
সতর্ক থাকতে হবে: ভোট দেওয়ার সময় প্রার্থীর নামের পাশের ঘরে স্পষ্টভাবে ক্রস (×) চিহ্ন দিতে হবে। ঘরের বাইরে দাগ পড়লে ভোট বাতিল হয়ে যেতে পারে। পছন্দের প্রার্থীকে ভোটদান শেষে ব্যালট পেপার নির্ধারিত ব্যালট বাক্সে ফেলতে হবে। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুটি আলাদা ব্যালট বক্স থাকবে। ব্যালট পেপার ভাঁজ না করে সেগুলো নির্ধারিত বাক্সে ফেলার মাধ্যমে ভোটদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ব্রেইল পদ্ধতিতে ভোট: ডাকসু নির্বাচনে এবার প্রথমবারের মতো ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, যেসব শিক্ষার্থী ব্রেইল পড়তে পারেন এবং দৃষ্টিপ্রতিবন্ধকতা রয়েছে, তাদের জন্য এই সুবিধা রয়েছে। যাঁরা ব্রেইল পড়তে পারেন না, তারা অন্য একজনের সাহায্যে ভোট দিতে পারবেন।
এবার ৭টি হল থেকে ৩০ জন শিক্ষার্থী ব্রেইল পদ্ধতিতে ভোট দেবেন। ডাকসুর ব্রেইল ব্যালট ৩০ পাতার একটি পাতলা বুকলেটের মতো হবে, যেখানে সূচিপত্রে পদের নাম ও পাতা নম্বর দেওয়া থাকবে। হল সংসদের জন্য ব্যালট ৩–৪ পাতার হবে।





































