বুধবার । মার্চ ২৫, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
শেয়ার

নেপালে বাংলাদেশিরা নিরাপদে আছে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরবেন: পররাষ্ট্র উপদেষ্টা


touhid

জাতীয় ফুটবল দলের সদস্যসহ নেপালে আটকে পড়া সকল বাংলাদেশি নিরাপদে আছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা ফিরে আসতে পারবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, যতক্ষণ না পরিস্থিতির উন্নতি হয়, ততক্ষণ আমরা কিছুই করতে পারছি না। ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে বিমান চলাচল স্বাভাবিক হলেই তাদের ফিরে আসা সম্ভব হবে।

ভারত দিয়ে তাদের ফিরিয়ে আনার সম্ভাবনা উড়িয়ে দিয়ে তৌহিদ বলেন, তাদের কারও কাছেই ভারতীয় ভিসা নেই। ফলে আমাদের অপেক্ষা করতে হবে।

উপদেষ্টা বলেন, অস্থিরতার সময় একটি ইতিবাচক ইঙ্গিত দেখা গেছে। বিক্ষোভকারীরা রাজনৈতিক নেতাদের জন্য হোটেল তল্লাশি করার সময় বাংলাদেশি ফুটবলারদের মুখোমুখি হয়েছিল এবং তারা তাদের বিরক্ত না করে চলে যায়।

অস্থিরতার মধ্যেও নেপালে বাংলাদেশি নাগরিকরা নিরাপদে থাকবেন বলে আশ্বাস দিয়ে তৌহিদ বলেন, আমাদের প্রতি তাদের কোনও নেতিবাচক মনোভাব নেই এবং আমি কোনও সংকটের আশঙ্কা করছি না।

তিনি বলেন, কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস আটকে পড়াদের সাথে যোগাযোগ বজায় রেখেছে। আমরা আশা করছি সবাই নিরাপদে ফিরে আসবে, হয়তো কিছুটা সময় লাগবে।