
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল রবিবার দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে যাচ্ছেন চারজন রাজনীতিবিদ—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
সফরসূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২ অক্টোবর দেশে ফিরবেন।
এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি গত এক বছরে বাংলাদেশের সংস্কার কার্যক্রম ও আগামী নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরবেন।
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এ বছরের অধিবেশন বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত হবে ‘হাই লেভেল কনফারেন্স অন দ্য সিচুয়েশন অব রোহিঙ্গা মুসলিমস অ্যান্ড আদার মাইনোরিটিস ইন মায়ানমার’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সভা। রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে সাধারণ পরিষদে এ ধরনের সম্মেলন এবারই প্রথম।
গত মাসে কক্সবাজারে আন্তর্জাতিক অংশীদার ও রোহিঙ্গা প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় সংকটের দ্রুত সমাধানের লক্ষ্যে কার্যকর পরিকল্পনা তৈরির ভিত্তি স্থাপন করা হয়েছিল। জাতিসংঘের এই সম্মেলন থেকে যেন সুনির্দিষ্ট উদ্যোগ বেরিয়ে আসে—সে প্রত্যাশাই করছে বাংলাদেশ।






































