
ফাইল ছবি
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন জামায়াতে ইসলামী ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি) থেকে আরও দুই নেতা। তারা হলেন জামায়াতের ড. নকিবুর রহমান তারেক এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।
রবিবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং এনসিপির সদস্যসচিব আখতার হোসেন।
জামায়াত ও এনসিপি সূত্র জানায়, প্রতিনিধি দলে বিএনপির দুই নেতা থাকায় সমতা রক্ষার জন্য তাদের পক্ষ থেকেও দুইজন করে প্রতিনিধি নেওয়ার অনুরোধ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা জটিলতা থাকায় আগে থেকেই যাদের মার্কিন ভিসা রয়েছে, তাদের অন্তর্ভুক্ত করা হয়।
জামায়াতের নায়েবে আমির ডা. তাহের জানিয়েছেন, ড. নকিবুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখান থেকেই তিনি প্রতিনিধি দলে যোগ দেবেন। অন্যদিকে এনসিপির যুগ্ম-সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত নিশ্চিত করেছেন, ডা. তাসনিম জারাও যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন।






































