
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে তিনি সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে রওনা দেন।
রবিবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
সফরসঙ্গী হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির মোট ছয়জন প্রতিনিধি তাঁর সঙ্গে রয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন একই ফ্লাইটে নিউইয়র্ক যাচ্ছেন। তাঁরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। আরেক প্রতিনিধি জামায়াতে ইসলামীর ড. নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্রে তাঁদের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
প্রধান উপদেষ্টা ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফর শেষে তিনি আগামী ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে।






































