সোমবার । জানুয়ারি ১৯, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ অপরাহ্ন
শেয়ার

সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে কাজ করছে সরকার: মাহফুজ আলম


Info-Adviser

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, সরকারের আমলেই এ অধ্যাদেশ চূড়ান্ত করা সম্ভব হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর তথ্য ভবনে ‘সংবাদপত্র মজুরি বোর্ড গঠন ও সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (খসড়া)’ নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহফুজ আলম জানান, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত খসড়া অধ্যাদেশ পর্যালোচনায় চলছে। চূড়ান্ত করার আগে সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম প্রতিষ্ঠানের মতামত নেওয়া হবে। আগামী ১০ দিনের মধ্যে লিখিত প্রস্তাব দিতে সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদপত্র মজুরি বোর্ড প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বাস্তবায়নে একাধিক মন্ত্রণালয়ের সম্পৃক্ততা থাকায় কিছু প্রতিবন্ধকতা রয়েছে। তবে এগুলো সমাধানে মন্ত্রণালয় কাজ করছে। তিনি সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান এবং সাংবাদিকদের বেতন যৌক্তিক পর্যায়ে উন্নীত করার ওপর জোর দেন।

এ সময় সংবাদপত্রের প্রচারসংখ্যার অসংগতি দূরীকরণ ও বিজ্ঞাপনের হার বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন মাহফুজ আলম। তিনি জানান, বিজ্ঞাপন খাতে পূর্ববর্তী সরকারের আমলে ৭৫ কোটি টাকার বকেয়া থাকলেও বর্তমানে তা কমে ৩৬ কোটি টাকায় নেমে এসেছে, যা পরিশোধে কার্যক্রম চলছে।

আলোচনা সভায় উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, বিদ্যমান আইনে সাংবাদিকদের শ্রমিক হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা পরিবর্তন প্রয়োজন। তারা সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো শুধু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনেই রাখার পক্ষে মত দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ সাংবাদিক সংগঠনের নেতারা ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।