
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে থাকা এমপিওভুক্ত শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষকরা। দুপুরের দিকে পুলিশ প্রেসক্লাবের সামনে অগ্রসর হলে আন্দোলনকারীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সাউন্ড গ্রেনেডর শব্দে শিক্ষকরা কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হলেও অল্প সময়ের মধ্যেই তারা আবার প্রেসক্লাবের সামনে জড়ো হন। শিক্ষক নেতারা মাইকে সবাইকে শান্ত থাকতে ও কোনো ধরনের বিশৃঙ্খলায় না জড়াতে আহ্বান জানান।
এর আগে দুপুরে আন্দোলনরত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনার জন্য সচিবালয়ে যান। প্রতিনিধি দলে ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, যুগ্ম সদস্য সচিব রফিকুল ইসলাম, আবু তালেব সোহাগ, আশরাফুজ্জামান হানিফ, আলাউদ্দিন, তোফায়েল সরকার, শান্ত ইসলাম, প্রকৌশলী আবুল বাশার, আহ্বায়ক নুরুল আমিন হেলালী, হাবিবুল্লাহ রাজু, মোহাম্মদ মিজানুর রহমান ও আজিজুর রহমান আজম।
আজ সকাল ১০টা থেকে লাগাতার অবস্থান শুরু করেন শিক্ষকরা। এর আগে গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনেই বিক্ষোভ সমাবেশ করেছিলেন তারা। তখন সংগঠনের পক্ষ থেকে মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলি ব্যবস্থার দাবি জানানো হয়।
পরবর্তীতে আন্দোলনের অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয় এবং বিভাগীয় শহরগুলোতে শিক্ষক সম্মেলন আয়োজন করা হয়।
শিক্ষক নেতারা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।







































