
জাতীয় সংসদ নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন একইসঙ্গে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। সরকারকে এ বিষয়ে দ্রুত নির্বাচন কমিশনের সাথে আলোচনার তাগিদ দিয়েছেন তারা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফিংকালে এই কথা জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে কমিশন সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, আজকের মধ্যেই সব রাজনৈতিক দলগুলোকে বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশমালা পৌঁছে দেওয়া হবে। যে সব বিষয় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়, সেগুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করার সুপারিশ করা হয়েছে।
আলী রীয়াজ বলেন, সাংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য ৪৮টি পরামর্শ দেওয়া হয়েছে। এখানে একসঙ্গে ৪৮টি বিষয় বাস্তবায়নের জন্য গণভোট হবে। গণভোট অনুষ্ঠানের ক্ষেত্রে তারিখ বিষয়ে ভিন্নমতের কথা বিবেচনা করে এবং এর যেহেতু একটি লজিস্টিক্যাল আসপেক্ট আছে এটা কীভাবে করা যাবে সে বিষয়ে কমিশনের কাছে যথেষ্ট পরিমাণে তথ্য নেই। আমরা সরকারকে বলেছি তারা যেন সাধারণ নির্বাচনের আগে কিংবা নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠান করে।
কমিশনের সহসভাপতি বলেন, আগামী জাতীয় সংসদের ৯ মাসের মধ্যে হবে সংবিধান সংস্কার পরিষদ। সেই সংসদ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। যদি সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে বাস্তবায়ন না করে, তাহলে জুলাই সনদে থাকা বিষয়গুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে প্রতিস্থাপিত হবে।
জুলাই সনদে স্বাক্ষর প্রসঙ্গে তিনি বলেন, যেসব দল এখনো স্বাক্ষর করেনি, তাদের সঙ্গে যোগাযোগ চলছে। এনসিপির সঙ্গেও আলোচনা হয়েছে এবং তা অব্যাহত আছে। আমরা আশাবাদী, এনসিপিও শেষ পর্যন্ত সনদে স্বাক্ষর করবে।






































