শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৪ জানুয়ারি ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকায় আরো বাড়ল শীতের দাপট, তাপমাত্রা ১২.৩ ডিগ্রি


Dhaka-Temp

ফাইল ছবি

রাজধানী ঢাকায় শীতের দাপট আরও বেড়েছে। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি ঘন কুয়াশা ও সূর্যের অনুপস্থিতিতে নগরবাসী তীব্র শীত অনুভব করছেন। কয়েক দিন ধরেই ঢাকায় রোদের দেখা মিলছে না, আর বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে।

এ ছাড়া উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শীতের এই পরিস্থিতিতে ভোর ও রাতের দিকে প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার এবং শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।