
ফয়েজ আহমদ তৈয়্যব
ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
রোববার (৪ জানুয়ারি) বিটিআরসি ভবন পরিদর্শন শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে মোবাইল ফোন আমদানিতে শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। ফলে এনইআইআর বাতিলের প্রশ্নই আসে না। গ্রাহকের হ্যান্ডসেটের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা কার্যকর থাকবে।
তিনি আরও জানান, বিটিআরসিতে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে বাজারের অনিয়মের দিকে ইঙ্গিত করে ফয়েজ আহমদ বলেন, প্রতিবছর আমদানিকৃত মোবাইল সেটের প্রায় অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে দেশে আসে। এসবের বড় অংশ নকল, কপি কিংবা ব্যবহৃত সেট, যেগুলো কেসিং বদলে নতুন বলে বিক্রি করা হয়।
এই অনিয়ম আর সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, এনইআইআর চালু রাখার মাধ্যমে গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বাজারে শৃঙ্খলা ফেরানোই সরকারের লক্ষ্য।











































