
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২ দলীয় জোট মনোনীত কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, কেন্দ্র দখল ও ভোট চুরির অপচেষ্টা কখনো সফল হবে না। ভোট চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
শনিবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউছুফপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভা ও উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ইতোমধ্যে ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু হয়েছে। হুমকি দিয়ে কেন্দ্র দখল ও ভোট চুরির পাঁয়তারা চলছে। দুর্নীতি ও লুটপাটের অভিযোগে যারা জেল খেটেছে, তারাই আবার ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে। তবে জনগণ এখন সচেতন, তারা আর দুর্নীতিবাজদের ফাঁদে পা দেবে না।
তিনি বলেন, দেবিদ্বারের মানুষ খাম্বা, মিটার ও ট্রান্সমিটার চুরির সঙ্গে জড়িত এবং মামলা খেয়ে জেল খাটা ব্যক্তিদের ভোট দেবে না। এসব দুর্নীতিবাজ চক্রই এখন ভোট চুরির চেষ্টা করছে, যাদের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার অঙ্গীকার করে তিনি বলেন, কেউ তার বিরুদ্ধেও ভোট দিলে সেই ভোটার যেন নিরাপদে ভোট দিতে পারে- এটি তিনি নিশ্চিত করবেন। ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার মধ্যে কোনো সম্মান নেই।
তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান একটি আমূল পরিবর্তনের লক্ষ্যে হয়েছে। তরুণ সমাজ ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে রক্ত দিয়েছে। কিন্তু অপশক্তি নানা কৌশলে ভোট লুট করে আবার ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে।
পদযাত্রা থেকে তিনি দেশে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা ও জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
পদযাত্রায় এনসিপি ও জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশ নেন।









































