
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের লক্ষ্যে একটি সামরিক আগ্রাসনের পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেইল অন সানডে। তবে এই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা।
সূত্র জানায়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানের তথাকথিত ‘সাফল্য’ ট্রাম্পঘনিষ্ঠ কট্টর নীতিনির্ধারকদের আরও সাহসী করে তুলেছে। এই গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা স্টিফেন মিলার। তাঁদের দাবি, রাশিয়া বা চীন কোনো পদক্ষেপ নেওয়ার আগেই দ্রুত গ্রিনল্যান্ড দখল করা উচিত।
ব্রিটিশ কূটনীতিকদের মতে, ট্রাম্পের এই আগ্রহের পেছনে আরেকটি রাজনৈতিক কারণ রয়েছে। তা হলো, চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি থেকে ভোটারদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়া। ওই নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাটদের কাছে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারাতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
তবে এমন পদক্ষেপ নিলে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে ট্রাম্পের সরাসরি সংঘাত সৃষ্টি হবে এবং ন্যাটোর ঐক্য ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে।
সূত্র অনুযায়ী, ট্রাম্প যৌথ বিশেষ অভিযান কমান্ডকে আগ্রাসনের পরিকল্পনা প্রস্তুত করতে বলেছেন। কিন্তু জয়েন্ট চিফস অব স্টাফ এই নির্দেশের বিরোধিতা করছে। তাদের যুক্তি, এ ধরনের অভিযান আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে এবং কংগ্রেসের সমর্থনও পাবে না।
একটি সূত্র আরও জানায়, পরিস্থিতি সামাল দিতে ট্রাম্পের মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা চলছে। এর মধ্যে রয়েছে রাশিয়ার তথাকথিত ‘ঘোস্ট শিপ’ আটকানো কিংবা ইরানে সম্ভাব্য হামলার পরিকল্পনা। কূটনীতিকরা এমন একটি পরিস্থিতি নিয়েও যুদ্ধাভ্যাস করেছেন, যেখানে ট্রাম্প সামরিক শক্তি বা রাজনৈতিক চাপ প্রয়োগ করে ডেনমার্কের সঙ্গে গ্রিনল্যান্ডের সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করতে পারেন।
একটি কূটনৈতিক বার্তায় সতর্ক করে বলা হয়েছে, এই পরিস্থিতির পরিণতি হতে পারে “ন্যাটোর ভেতর থেকেই ধ্বংস।” ইউরোপীয় কর্মকর্তাদের একটি অংশের ধারণা, ট্রাম্পঘনিষ্ঠ এমএজিএ (মেক আমেরিকা গ্রেট এগেইন) গোষ্ঠীর প্রকৃত লক্ষ্যই হলো ন্যাটোকে দুর্বল করা। কংগ্রেস ট্রাম্পকে সরাসরি ন্যাটো ছাড়ার অনুমতি না দিলেও, গ্রিনল্যান্ড দখলের মতো পদক্ষেপ ইউরোপীয় দেশগুলোকে জোট ছাড়তে বাধ্য করতে পারে।
সূত্র: ডেইলি মেইল











































