
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ১১ দলের নির্বাচনী সমঝোতা জোটের অংশ হিসেবে এনসিপি এসব আসনে লড়বে। দেশের বৃহত্তর স্বার্থে দলটির নেতাকর্মীরা এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
তিনি আরও বলেন, এই জোটটি আধিপত্যবাদের বিরুদ্ধে সংস্কারের লক্ষ্যে গঠিত একটি কৌশলগত (স্ট্রেটেজিক) জোট। জোট গঠনের জন্য এনসিপি ছাড় দিয়েছে এবং সবার সহযোগিতায় এই সমঝোতা সম্ভব হয়েছে। তার আশা, এই জোট এবার সরকার গঠন করবে।
পদত্যাগ প্রসঙ্গে আসিফ মাহমুদ জানান, যাঁরা পদত্যাগপত্র দিয়েছেন, তাঁরা এখনো দলের গুরুত্বপূর্ণ সম্পদ এবং তাঁদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। এখনো একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
তিনি জানান, এনসিপির প্রার্থী নেই—এমন প্রায় ২৭০টি আসনে দলটি প্রতিনিধির মাধ্যমে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে এবং তৃণমূল পর্যায়ে গণভোটের পক্ষে মাঠে কাজ করবে।















































