
ফাইল ছবি
চলতি জানুয়ারি মাসের প্রথম ১১ দিনে দেশে প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১২ কোটি ১৫ লাখ ডলার।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে এসেছে ৭৩ কোটি ৭০ লাখ ডলার, ফলে বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ১১ জানুয়ারি একদিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছে ২০ কোটি ৯০ লাখ ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১১ জানুয়ারি পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ৭৬০ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স, যা গত বছরের তুলনায় ২১.৩ শতাংশ বৃদ্ধি।
এর আগে গত ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি অর্থবছরের মাসিক হিসেবে সর্বোচ্চ এবং দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। নভেম্বরে এই পরিমাণ ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে যথাক্রমে এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। জুলাই ও আগস্টে এসেছিল যথাক্রমে ২৪৭ কোটি ৮০ লাখ ও ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার।
গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০.৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।













































