মঙ্গলবার । এপ্রিল ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ১৪ জানুয়ারি ২০২৬, ৭:১৭ পূর্বাহ্ন
শেয়ার

তিতাসে ফের দুর্ঘটনা, উত্তরাসহ আশপাশে গ‍্যাস বন্ধ


Gas

তিতাসের গ্যাস বিতরণ ব্যবস্থায় আবারও দুর্ঘটনা ঘটেছে। উত্তরা টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্‌ভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ কারণে নিরাপত্তাজনিত কারণে উত্তরার মূল পাইপলাইনে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, লিকেজের ফলে উত্তরায় গ্যাস বিতরণের ১২ ইঞ্চি ব্যাসের মূল পাইপলাইন ‘শাটডাউন’ করা হয়েছে। এতে উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত ভাল্‌ভ প্রতিস্থাপনের কাজ চলছে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এর আগে গত ৪ জানুয়ারি তুরাগ নদীর নিচে পাইপলাইনে ছিদ্রের ঘটনায় মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় গ্যাস সংকট দেখা দেয়। এরপর ১০ জানুয়ারি গণভবনের সামনে একটি ভাল্‌ভ ফেটে যাওয়ায় আবারও সরবরাহ বন্ধ হয়ে গ্রাহকদের ভোগান্তি পোহাতে হয়।