
সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামীর সঙ্গে আসন ভাগাভাগির সমঝোতা জটিল হয়ে ওঠায় নতুন রাজনৈতিক জোটের ইঙ্গিত দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। বুধবার রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে তিনি বলেন, ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন, আর ১২ ফেব্রুয়ারি ভোট। এর আগপর্যন্ত অনেক কিছু ঘটতে পারে।
সূত্র জানায়, ইসলামী আন্দোলন ৫০টি আসন চাইছে, কিন্তু জামায়াত ৪০টির বেশি ছাড়তে রাজি না হওয়ায় সমঝোতা আটকে যায়। এ কারণে জোটের আসন বণ্টন ঘোষণা করার কথা থাকলেও সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।
গাজী আতাউর রহমান বলেন, পরিস্থিতি পর্যালোচনায় দলের নীতিনির্ধারণী ফোরামের বৈঠক হয়েছে এবং বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। “ওয়ান বক্স” নীতির আওতায় আগামী পথচলা কেমন হবে, তা দু–এক দিনের মধ্যেই জানানো হবে।
তিনি আরও বলেন, জামায়াতের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে ইসলামী আন্দোলনের ভেতরে সংশয় তৈরি হয়েছে। জোটে বিভাজন হলে বিএনপি সুবিধা পেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
নতুন করে বিএনপির সঙ্গে আলোচনা হচ্ছে কি না- এমন প্রশ্নে তিনি জানান, বিএনপির জোট ও পরিকল্পনা ইতোমধ্যেই চূড়ান্ত। ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
তবে জামায়াতের সঙ্গে সমঝোতার দরজা পুরোপুরি বন্ধ হয়নি বলেও জানান তিনি। পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তিতে ন্যূনতম ঐক্য বজায় রাখার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা বলেন গাজী আতাউর রহমান।









































