রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৪ জানুয়ারি ২০২৬, ৯:১৩ অপরাহ্ন
শেয়ার

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি


iran

তেহরানে বিক্ষোভের সময় সড়ক অবরোধ করেছেন ইরানের কয়েকজন নাগরিক। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরান সরকার বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি-এজেইরের মন্তব্যের পর মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, শিগগিরই বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে।

২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানিকে বুধবার ভোরে ফাঁসি দেওয়ার কথা ছিল। তবে তা কার্যকর হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত ভোরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এরফান সোলতানির এক স্বজন সিএনএনকে বলেন, “আমি সম্পূর্ণ হতবাক। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। মানুষ ট্রাম্পের কথায় ভরসা করে রাস্তায় নেমেছিল। আপনাদের কাছে অনুরোধ, এরফানকে যেন ফাঁসি দেওয়া না হয়।”

যুক্তরাষ্ট্র ইরানে বিক্ষোভকারীদের ফাঁসির ঘটনায় কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। যদিও ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নের তথ্য অনুযায়ী, মার্কিন হস্তক্ষেপের মাত্রা এখনো অনিশ্চিত। পার্শ্ববর্তী তুরস্ক, মিশর ও সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানে সামরিক হস্তক্ষেপ না করার পরামর্শ দিয়েছে।

মানবাধিকার সংস্থা এইচআরএনএ জানিয়েছে, ইরানে কঠোর দমনপীড়নে কমপক্ষে দুই হাজার জন নিহত এবং ১৮ হাজারের বেশি গ্রেফতার হয়েছে। দুই সপ্তাহের বিক্ষোভে নিহতের সংখ্যা ১৯৭৯ সালের বিপ্লব-পরবর্তী যে কোনো ঘটনার তুলনায় বেশি।