মঙ্গলবার । জুন ২, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ১৫ জানুয়ারি ২০২৬, ৯:০৬ অপরাহ্ন
শেয়ার

৬ বাংলাদেশিসহ ৯ বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া


malaysia-airport

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বুকিত কায়ু হিতাম সীমান্ত দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ছয়জন বাংলাদেশি নাগরিক। প্রয়োজনীয় অনুমতি ও বৈধ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র না থাকায় মালয়েশিয়ার ইমিগ্রেশন, কাস্টমস, কোয়ারেন্টাইন ও সিকিউরিটি কমপ্লেক্স (আইসিকিউএস) কর্তৃপক্ষ তাদের প্রবেশে বাধা দেয়।

বুধবার (১৪ জানুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছয় বাংলাদেশিকে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নিজ নিজ দেশে ফেরত যাওয়ার নির্দেশ দেয়।

বুকিত কায়ু হিতাম বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (একেপিএস) কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মো. নাসারুদ্দিন এম. নাসির জানান, ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী রয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য স্থলপথে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না থাকায় তাদের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়েছে। এ সিদ্ধান্ত দেশটির ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের আওতায় নেওয়া হয়েছে।

কমান্ডার নাসারুদ্দিন আরও জানান, সংশ্লিষ্টদের থাইল্যান্ড সীমান্ত হয়ে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ অভিযানে কারও ব্যক্তিগত মালামাল বা সামগ্রী জব্দ করা হয়নি।

একই সময়ে বাংলাদেশিদের পাশাপাশি আরও তিন বিদেশি নাগরিকের মালয়েশিয়ায় প্রবেশও বাতিল করা হয়েছে। তারা তাইওয়ান, ভারত ও হংকংয়ের নাগরিক বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানের কথা জানিয়ে মো. নাসারুদ্দিন বলেন, দেশের সব প্রবেশপথে নজরদারি জোরদার করা হয়েছে। ইমিগ্রেশন আইনের অপব্যবহার ঠেকাতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।