
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়েছে। নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লড়বে ১৭৯টি আসনে। আর জাতীয় নাগরিক পার্টি-এনসিপি লড়াই করবে ৩০টি আসনে।
এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০, খেলাফত মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ৩, নেজামে ইসলাম ২ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২ আসনে লড়াই করবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জোটের ১০টি দলের প্রার্থিতা ঘোষণা করেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
এর আগে নির্বাচনি সমঝোতা নিয়ে সিদ্ধান্ত নিতে সকালে বৈঠকে বসেন জামায়াতসহ ১০টি দলের শীর্ষ নেতারা। অবশ্য এতে ইসলামী আন্দোলনের কেউ যোগ দেননি। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত রুদ্ধদ্বার ওই বৈঠকে আসন সমঝোতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
















































