বুধবার । জুন ৩, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৫ জানুয়ারি ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শেয়ার

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেড় ঘণ্টার সৌজন্য সাক্ষাৎ


tarek-yunus

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সপরিবারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। সাক্ষাৎকাল প্রায় দেড় ঘণ্টা স্থায়ী ছিলো। এ সময় দুই পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নৈশভোজে অংশ নেন। রাত ৯টার দিকে তারা সপরিবারে যমুনা থেকে প্রস্থান করেন।

এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তিনি। বাসভবনে ৬টা ৪৭ মিনিটে প্রবেশ করে ৬টা ৫২ মিনিটে সেখান থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তারেক রহমান।

বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, এই সাক্ষাতে সাধারণত কোনো নির্ধারিত এজেন্ডা থাকে না। এটি একটি হৃদ্যতাপূর্ণ সৌজন্য সাক্ষাৎ, যেখানে মূলত সম্প্রতি প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফন ও সংশ্লিষ্ট রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সরকারের সহযোগিতার প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।

লন্ডনে ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর এবারই প্রথম প্রধান উপদেষ্টার সঙ্গে আনুষ্ঠানিকভাবে সাক্ষাৎ করলেন বিএনপির চেয়ারম্যান। এর আগে গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান দেড় ঘণ্টাব্যাপী একান্ত বৈঠক করেছিলেন।