বুধবার । মে ৬, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক দেশজুড়ে ১৯ জানুয়ারি ২০২৬, ৭:১২ অপরাহ্ন
শেয়ার

সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে কুষ্টিয়া জামায়াত আমিরের মৃত্যু


Kustia-jamat-amir

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমীর হামজার সমর্থনে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মারা গেছেন জেলা জামায়াতের আমির আবুল হাসেম (৫৫)।

সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটে শহরের সিঙ্গার মোড়ে সমাবেশ চলাকালে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি।

কয়েক মিনিট কথা বলার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নেতাকর্মীরা তাঁকে দ্রুত কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

আবুল হাসেম কুষ্টিয়ার মিরপুর পৌরসভার দারুস সালামপাড়ার বাসিন্দা ছিলেন। তিনি পোড়াদহ কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

জেলা জামায়াতের রুকন সদস্য আলী আহসান মুজাহিদ জানান, কুষ্টিয়া-৩ আসনে জামায়াত প্রার্থী আমীর হামজার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে পৌরসভা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে সিঙ্গার মোড়ে সমাবেশে পরিণত হয়। সেখানেই বক্তব্য দিতে গিয়ে আবুল হাসেম অসুস্থ হয়ে পড়েন।

মৃত্যুর খবরে সমাবেশস্থলে ও হাসপাতালে উপস্থিত নেতাকর্মীরা কান্নায় ভেঙ পড়েন। জেলা জামায়াতের যুব বিভাগের নেতা মোস্তাফিজুর রহমান পলাশ বলেন, “আবুল হাসেম ছিলেন একজন ভালো মানুষ। দলমত নির্বিশেষে সবার সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। জামায়াত একজন অভিভাবককে হারালো।”

এ ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম এবং জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে বিদ্রুপের অভিযোগে জামায়াত প্রার্থী আমীর হামজার বিরুদ্ধে কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদী মিছিল ও সমাবেশ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকির প্রতিবাদে জেলা জামায়াত ও তাঁর সমর্থকেরা এসব কর্মসূচি পালন করছিলেন। এ বিষয়ে আদালতে মামলাও হয়েছে।