বুধবার । এপ্রিল ২২, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ২১ জানুয়ারি ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার

ভারতে না খেললে বাংলাদেশের বিকল্প নেবে আইসিসি, একদিনের আলটিমেটাম


icc & bcb

ফাইল ছবি

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না—এমন অবস্থানে অনড় থাকায় বাংলাদেশ দলের বিশ্বকাপ ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। এই পরিস্থিতির সমাধান খুঁজতেই আজ ভার্চুয়াল বৈঠকে বসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সভা শেষে আইসিসি স্পষ্ট জানিয়েছে, বাংলাদেশ যদি ভারতে বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে তাদের পরিবর্তে বিকল্প দল নেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একদিন সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

নিরাপত্তা শঙ্কার কথা তুলে বিসিবি ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিলে আইসিসির বোর্ডসভায় এ নিয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে বাংলাদেশের পরিবর্তে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে তার আগে বাংলাদেশ সরকারসহ সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত অবস্থান জানাতে বলা হয়েছে বিসিবিকে।

এ কারণেই বিসিবিকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আইসিসি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর সূত্রে এ তথ্য জানা গেছে। সম্ভাব্য বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নাম উঠে এসেছে। আইসিসির র‍্যাংকিংয়ের ভিত্তিতে অন্যান্য দলের তুলনায় তারাই এগিয়ে রয়েছে বলে জানা গেছে।

এর আগে গত সপ্তাহে অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকা সফরে এসে বিসিবির সঙ্গে সরাসরি বৈঠক করেন এবং ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ দূর করার চেষ্টা করেন। এর মধ্যেই খবর এসেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসিকে চিঠি দিয়ে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থানকে সমর্থন জানিয়েছে।