শুক্রবার । মার্চ ২০, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২২ জানুয়ারি ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
শেয়ার

ভারতে নয়, শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ: বুলবুল


Bulbul

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসন্ন বিশ্বকাপের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

এ প্রেক্ষাপটে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ।

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের সুরেই কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী, তবে সেটি ভারতে নয়। শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের দাবিতে তারা লড়াই চালিয়ে যাবেন।

গণমাধ্যমকে বিসিবি প্রধান বলেন, ‘আমরা আজও চেষ্টা করবো আইসিসিকে জানাতে—আর কী কী পথ খোলা আছে। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা গর্ববোধ করি, কিন্তু বিশ্ব ক্রিকেটের ব্যবস্থাপনা নিয়ে আমরা সন্দিহান। আমরা সবাই বিশ্বাস করেছিলাম, আইসিসি আমাদের আবেদন মেনে নেবে। অথচ এখন বাংলাদেশকে আলটিমেটাম দেওয়া হয়েছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মতো ক্রিকেট–পাগল দেশ যদি এই বিশ্বকাপে না খেলে, তাহলে আইসিসি বড় একটি সুযোগ হারাবে। যেখানে ভারত কমনওয়েলথ গেমস আয়োজনের জন্য চেষ্টা করছে, সেখানে বাংলাদেশের মতো জনবহুল ও ক্রিকেটপ্রেমী দেশ না খেললে তা আয়োজকদের বড় ব্যর্থতা হিসেবেই দেখা হবে।’

আইসিসির নির্ধারিত সময়সীমা সত্ত্বেও এখনই হাল ছাড়ছেন না বলে জানান বুলবুল। তিনি বলেন, ‘আমরা আমাদের মতো করেই চেষ্টা চালিয়ে যাবো। এখনও হাল ছাড়ছি না। আইসিসির সঙ্গে আরও কিছু বিষয়ে যোগাযোগ করবো, যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপে খেলতে পারে।’