
সংবাদ ব্রিফিংয়ে ক্রীড়া উপদেষ্টা
নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে ভারতে নির্ধারিত বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপে অংশ নিতে হলে ভারতেই খেলতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ প্রস্তুত নয়। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, এ বিষয়ে আইসিসি বাংলাদেশের প্রতি সুবিচার করেনি।
আসিফ নজরুল বলেন, ‘আমরা আইসিসি থেকে সুবিচার পাইনি। আমাদের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগ বিবেচনায় নিয়ে শ্রীলঙ্কায় খেলার আবেদন মেনে নেবে- এটাই আমাদের প্রত্যাশা।’
নিরাপত্তা শঙ্কাকে কল্পনাপ্রসূত নয় উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের দেশের একজন শীর্ষ ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। সেখানে ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে, সে প্রশ্ন থেকেই যায়।’
এদিকে বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে আবারও যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘আমরা আবারও আইসিসির সঙ্গে কথা বলবো। আমাদের অবস্থান পরিষ্কার—আমরা ভারতে খেলতে চাই না, শ্রীলঙ্কায় খেলতে চাই।’








































