
ছবি: সংগৃহীত
দেশের বাজারে ধারাবাহিকভাবে দাম বাড়ার পর অবশেষে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে ভালো মানের সোনা আবারও আড়াই লাখ টাকার নিচে নেমে এসেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই নতুন দামের তথ্য জানানো হয়, যা আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দেশীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে। তবে দেশের বাজারে দাম কমলেও আন্তর্জাতিক বাজারে সোনার দাম এখনও ঊর্ধ্বমুখী। আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি (goldprice.org) অনুযায়ী, বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৮৩৫ ডলার ছাড়িয়ে গেছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কিছুটা পুনর্নির্ধারণ করেছে বাজুস। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পড়বে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা করা হয়েছে।







































