মঙ্গলবার । মার্চ ১৭, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক বিজনেস ২৭ জানুয়ারি ২০২৬, ৬:৪৫ পূর্বাহ্ন
শেয়ার

বিদেশী বিনিয়োগ আনতে পারলে নগদ প্রণোদনা পাবেন প্রবাসীরা


yunus

বিডার গভর্নিং বোর্ডের সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রেস উইং

প্রবাসী বাংলাদেশীরা (এনআরবি) যদি দেশে নতুন বিদেশী বিনিয়োগ (এফডিআই) আনার ক্ষেত্রে সহায়তা করেন, তাহলে তারা নির্দিষ্ট অংশ নগদ প্রণোদনা হিসেবে পাবেন। সরকার এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ব্রিফিংয়ে জানান, প্রবাসীরা তাদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশে নতুন বিনিয়োগ আনার ক্ষেত্রে ভূমিকা রাখলে বিনিয়োগের ১.২৫ শতাংশ নগদ প্রণোদনা পাবেন। উদাহরণস্বরূপ, কেউ যদি ১০ কোটি ডলারের বিনিয়োগ আনতে সাহায্য করেন, তাহলে সরকার তাকে ১২ লাখ ৫০ হাজার ডলার প্রণোদনা দেবে।

তিনি বলেন, ‘ব্যক্তিগত ভোগের জন্য অর্থ প্রেরণের পরিবর্তে যারা শিল্প ও ব্যবসা খাতে বিনিয়োগ আনবেন, তাদের উৎসাহিত করতে এই নীতি গৃহীত হয়েছে। প্রবাসীরা বিদেশে অবস্থানরত থাকলেও দেশের বিনিয়োগ পরিবেশকে শক্তিশালী করতে ভূমিকা রাখবেন।’

এছাড়া সরকার বিদেশী বিনিয়োগ আকর্ষণে বিদেশে বিডা অফিস স্থাপনের পরিকল্পনা নিয়েছে। প্রথম পর্যায়ে চীনে অফিস খোলা হবে। পরবর্তীতে দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নের একটি দেশে অফিস স্থাপনের পরিকল্পনা রয়েছে। এসব অফিসে স্থায়ী বেতনভিত্তিক নয়, কমিশনভিত্তিক পারিশ্রমিক ব্যবস্থা থাকবে।