শনিবার । মার্চ ২১, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৮ জানুয়ারি ২০২৬, ৭:৫৩ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় অভিযানে ১০৪ বাংলাদেশিসহ ১৪৯ বিদেশি নাগরিক আটক


malaysia-arrest

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৪৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) জোহর রাজ্য অভিবাসন বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার দুপুরে জোহরের সেরি আলম ও পাসির গুদাং এলাকার একটি নির্মাণ সাইটে অভিযান শুরু হয়। জনসাধারণের তথ্য এবং দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে দুপুর ২টার দিকে বিশেষ এই অভিযান চালানো হয়।

অভিযানে আটক ১৪৯ জনের মধ্যে বাংলাদেশির সংখ্যা ১০৪, এছাড়া ইন্দোনেশিয়ার ২১, পাকিস্তানের ১৩, মিয়ানমারের ৬, নেপালের ৪ এবং ভারতের ১ জন নাগরিক রয়েছেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক প্রবাসীরা বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘন করেছেন। তাদের বিরুদ্ধে প্রধানত তিনটি অভিযোগ আনা হয়েছে– বৈধ ভ্রমণ নথিপত্র না থাকা, সামাজিক ভিজিট পাসের অপব্যবহার এবং ওয়ার্ক পারমিট ছাড়া অবৈধভাবে কাজ করা। এছাড়া বৈধ নথিপত্র ছাড়াই অভিবাসীদের কাজ দেয়ার অভিযোগে নির্মাণ সাইটটির একজন স্থানীয় মানবসম্পদ কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

অভিযান পরিচালকের বরাতে জানানো হয়েছে, আটকদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন বিধিমালা ১৯৬৩ অনুসারে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি চারজন সাক্ষীকে তদন্তে সহযোগিতার জন্য ‘বোরং ২৯’ (সমন) জারি করা হয়েছে।

আটক সবাইকে বর্তমানে সেতিয়া ট্রপিকা অভিবাসন ডিপোতে রাখা হয়েছে। নথিপত্র যাচাই ও বিস্তারিত তদন্ত শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।