
ফাইল ছবি
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৭ হাজার ৩৪৮ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বুধবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সকাল ১০ টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫৭ হাজার ৪৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২০ হাজার ৭৪১ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা।
এর আগে, গত বছরের ২৬ জানুয়ারি বাজুস দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, যা তখন দেশের সর্বোচ্চ ছিল। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছর দেশে স্বর্ণের দাম ১৫ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ১২ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস করা হয়েছে। ২০২৫ সালে দেশে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস হয়েছিল।
স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ৭৫৭ টাকায়, যা রেকর্ড সর্বোচ্চ। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৩৫৭ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৪ হাজার ৭৮২ টাকায় বেচা হচ্ছে।
চলতি বছর এখন পর্যন্ত দেশে রুপার দাম ১১ বার সমন্বয় করা হয়েছে, যেখানে ৮ বার বাড়ানো হয়েছে এবং ৩ বার কমানো হয়েছে। ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ১০ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস হয়েছিল।









































