রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ জানুয়ারি ২০২৬, ৪:৪০ অপরাহ্ন
শেয়ার

ভোটের বিনিময়ে জান্নাতের প্রলোভন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে একটি দল: সালাহউদ্দিন আহমদ


Salauddin Ahmed

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল ভোটের রাজনীতিতে অসততার আশ্রয় নিয়েছে। তিনি বলেন, ওই দলকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে—এমন কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এ ধরনের রাজনীতি ও সংশ্লিষ্ট প্রার্থীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় চকরিয়ার সাহারবিল বিএমএস উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচি, ভবিষ্যৎ পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনার ভাবনা যদি দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে তারা স্বাভাবিকভাবেই বিএনপিকে ভোট দেবে। একইভাবে অন্য রাজনৈতিক দলগুলোকেও তাদের নিজ নিজ কর্মসূচি ও পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরতে হবে। জনগণ যাকে পছন্দ করবে, তাকেই ভোট দেবে—এটাই গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বলে মন্তব্য করেন তিনি।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় হবে বলে আশাবাদ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ব্যাপক সমর্থন ও জাতীয় ঐক্যের ভিত্তিতে বিএনপি এমন একটি সরকার গঠন করবে, যেখানে রাষ্ট্রের প্রকৃত মালিক হবে দেশের সব মানুষ।