রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ জানুয়ারি ২০২৬, ৭:১৪ অপরাহ্ন
শেয়ার

চোর-ডাকাতদের ভোট দিয়ে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়: গোলাম পরওয়ার


Golam-Parwar

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং খুলনা-৫ আসনে জামায়াত মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, চোর-ডাকাত ও দুর্নীতিবাজদের ভোট দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যারা জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতায় গিয়ে লুটপাটে জড়ায়, তাদের দিয়ে রাষ্ট্র সংস্কার আশা করা যায় না।

বুধবার (২৮ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছে তারা জনগণের দুঃখ লাঘব ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, উন্নয়ন প্রকল্পের অর্থ আগে ব্যক্তিগত পকেটে ঢোকার কারণে উন্নয়ন দুর্নীতিনির্ভর হয়ে পড়েছে এবং তা টেকসই হয়নি।

তিনি আরও বলেন, আল্লাহভীরু ও সৎ নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় না আসা পর্যন্ত জনগণ প্রকৃত শান্তি ও ন্যায়বিচার পাবে না। সংসদে আল্লাহর আইন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত হলেই দেশে প্রকৃত শান্তি ফিরে আসতে পারে বলেও দাবি করেন তিনি।

আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, তাঁকে পরিকল্পিতভাবে কারাগারে হত্যা করা হয়েছে। নিজের দীর্ঘ কারাবাসের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় তিনি আবার জনগণের মাঝে ফিরে এসেছেন।

গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, স্বাধীনতার পর থেকে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল প্রতীকের দলগুলো রাষ্ট্রক্ষমতায় থেকেও সুবিচার ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আদালত ও প্রশাসন দলীয়করণের শিকার হয়েছে এবং রাজনৈতিক ভিন্নমত দমনে মামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে বলেও তিনি দাবি করেন।

এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে অংশ নিচ্ছে উল্লেখ করে তিনি এ ঐক্যকে দেশের পরিবর্তনের শেষ সুযোগ হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে দলীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় জামায়াত ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।