রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ জানুয়ারি ২০২৬, ৭:৫৯ অপরাহ্ন
শেয়ার

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি: নাহিদ ইসলাম


Nahid-Islam

নির্বাচনী প্রচার-প্রচারণায় সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর দাবি, প্রার্থীদের ওপর হামলা, হেনস্তা ও সমর্থক-কর্মীদের বাধা দেওয়ার ঘটনায় প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, যখন কোনো প্রার্থী বা তাঁর কর্মীদের ওপর আক্রমণ করা হয় এবং প্রশাসন নীরব থাকে, তখন সেটিকে লেভেল প্লেয়িং ফিল্ড বলা যায় না। পরে তিনি স্থানীয়দের সঙ্গে গণসংযোগ করেন এবং ‘শাপলা কলি’ প্রতীকে ভোট ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে সমর্থন চান।

নির্বাচনের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, মঙ্গলবারের পর থেকে সারা দেশে ১১–দলীয় জোটের নারী কর্মীদের হেনস্তা ও আক্রমণের ঘটনা ঘটছে। বিশেষ করে ঢাকা-১৮ ও ঢাকা-৮ আসনে এনসিপির দুই প্রার্থী হামলা ও হেনস্তার শিকার হয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

নির্বাচনী প্রতিপক্ষ বিএনপির দিকে ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক বলেন, পেশিশক্তির মাধ্যমে আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কার্যক্রম তৈরির চেষ্টা চলছে। তাঁর আশঙ্কা, এসব কার্যক্রম সামনে আরও বাড়তে পারে।

তিনি আরও বলেন, ১১ দলের পক্ষে জনসমর্থন বাড়ছে বলেই প্রতিপক্ষ ভয় পাচ্ছে। জনগণের ওপর আস্থা কম থাকায় তারা বলপ্রয়োগ ও সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে নির্বাচনে বাধা সৃষ্টি করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও প্রতিকার মেলেনি বলেও দাবি করেন নাহিদ ইসলাম। তিনি সতর্ক করে বলেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচন একপক্ষীয় হয়ে পড়বে এবং জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে না।

ঢাকা-১১ আসনের এই প্রার্থী ভোটারদের উদ্দেশে বলেন, তারা দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়ে তুলতে এবং বাস্তব সংস্কারের মাধ্যমে বাংলাদেশে প্রকৃত পরিবর্তন আনতে চান।