রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৮ জানুয়ারি ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
শেয়ার

জীবনের চেয়েও মায়েদের ইজ্জতের মূল্য বেশি: জামায়াত আমির


Jamat-Amir

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তাঁদের জীবনের চেয়েও মায়েদের ইজ্জতের মূল্য বেশি। কেউ যদি নারীদের প্রতি অসম্মান বা হাত বাড়ানোর চেষ্টা করে, তবে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকেরা চুপ করে বসে থাকবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিরপুরের মণিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

দেশের বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর নারী কর্মী ও সমর্থকদের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ তুলে শফিকুর রহমান বলেন, যারা মায়েদের গায়ে হাত তুলেছে বা অপমান করেছে, তাদের ক্ষমা চাইতে হবে। আল্লাহ চাইলে ক্ষমা করবেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, মায়ের সন্তানেরা গর্জে উঠবে এবং যেকোনো মূল্যে নারীদের মর্যাদা রক্ষা করা হবে। এ ক্ষেত্রে দুটি পথের কথা উল্লেখ করে তিনি বলেন, একদিকে নিজেকে পরিবর্তন করে ভালো মানুষ হওয়া ও মায়েদের সম্মান করা, আর অন্যদিকে পরবর্তী পরিস্থিতির দায়ভার নিতে প্রস্তুত থাকা।

জামায়াতের আমির বলেন, তারা মাতৃতান্ত্রিক বা পিতৃতান্ত্রিক কোনো সমাজ চায় না; বরং নারী-পুরুষের সমন্বয়ে একটি মানবিক সমাজ গড়তে চায়। ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গভিত্তিক কোনো বিভাজন বা বৈষম্য তারা প্রত্যাশা করে না বলেও জানান তিনি।

ভোট প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, দলের প্রতীকে দেওয়া দ্বিতীয় ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে। তিনি দাবি করেন, ৫ আগস্ট ২০২৪ সালের পর থেকে কে কী ধরনের রাজনীতি ও আচরণ করছে, তা জনগণের সামনে স্পষ্ট। যাদের সততা ও নীতির ওপর আস্থা রাখা যায়, আসন্ন নির্বাচনে ভোট তাদের পক্ষেই যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।