
ফাইল ছবি
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিন দিনের নির্বাচনী সফরে উত্তরবঙ্গের উদ্দেশে ঢাকা ছাড়ছেন। আজ দুপুর ১২টা ২৫ মিনিটে বিমানে ঢাকা থেকে প্রথমে রাজশাহী যাবেন তিনি।
রাজশাহীতে পৌঁছে দুপুর দেড়টার দিকে শাহ মাখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন তারেক রহমান। এরপর রাজশাহী মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজশাহী মহানগরী ও চার জেলায় এই সমাবেশের আয়োজন করেছে।
রাজশাহী সদর আসনের বিএনপি প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনু জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে সমাবেশে তারেক রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ ২২ বছর পর তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে মহানগরীতে ব্যাপক জনসমাগম হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।
রাজশাহী সমাবেশ শেষে আজ বিকেলে নওগাঁর কাজীর মোড়সংলগ্ন এটিম মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় বগুড়ার আলফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি। প্রথম দিনের কর্মসূচি শেষে বগুড়ার নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন বিএনপি চেয়ারম্যান।
দীর্ঘ ১৯ বছর পর আজ বৃহস্পতিবার সন্ধ্যার পর বগুড়ায় পা রাখছেন তারেক রহমান। তাঁর আগমনকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষও তাঁকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, দেশের মানুষ এখন বুঝতে পেরেছে—গণতন্ত্র ও দেশ রক্ষায় বিএনপির বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, বগুড়া-৬ (সদর) আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন তারেক রহমান।
বগুড়ায় পৌঁছে তারেক রহমান বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ, দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল এবং জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। পরদিন সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রাম এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে একাধিক পথসভায় অংশ নিয়ে গাবতলীর বাগবাড়ীতে তাঁর পিতার জন্মস্থানে যাবেন। কর্মসূচি শেষে তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন।
শুক্রবার বিকেল পৌনে ৪টায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু করবেন তারেক রহমান। পরে বিকেল সাড়ে ৪টায় রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
আগামী শনিবার সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্কে নির্বাচনী সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বিকেল ৪টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাসে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেবেন। এদিন রাত ৮টার দিকে গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে তারেক রহমানের।









































