রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৯ জানুয়ারি ২০২৬, ২:৪৩ অপরাহ্ন
শেয়ার

টাইম ম্যাগাজিনের প্রতিবেদন

আগামী নির্বাচনে তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’


Tarique Rahman

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের প্রভাবশালী সংবাদপত্র টাইম ম্যাগাজিন তাদের সর্বশেষ প্রকাশিত সংখ্যায় (২৯ জানুয়ারি) আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ‘সুস্পষ্টভাবে এগিয়ে রয়েছেন’ বলে উল্লেখ করেছে। নির্বাচনের প্রাক্কালে বিশ্লেষণের ভিত্তিতে পত্রিকাটি এই অভিমত দিয়েছে।

আংশিকভাবে তারেক রহমানের সাক্ষাৎকারের উপর ভিত্তি করে লেখা নিবন্ধটিতে বলা হয়, ‘১৮ মাস আগে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে হাসিনার পতনের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে তারেক রহমান স্পষ্টভাবে এগিয়ে আছেন।’

এতে বলা হয়, তারেক রহমান নিজেকে ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়কার রাজনৈতিক অভিজাতদের এবং তার তরুণ বিপ্লবীদের আকাঙ্ক্ষার মধ্যে সেতুবন্ধন’ স্থাপন করেছেন।

টাইম ম্যাগাজিন লিখেছে, স্বৈরাচারী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক দশক ধরে স্থানীয় মিডিয়ায় বাংলাদেশের বিরোধীদলীয় নেতা হিসেবে তারেক রহমানের বক্তব্য প্রকাশ নিষিদ্ধ করেছিলেন।

১৭ বছরের নির্বাসন থেকে দেশে ফিরে আসার পর নতুন বিএনপি চেয়ারম্যান যখন তার প্রথম সাক্ষাৎকারটি দিয়েছিলেন, তখন সাক্ষাৎকার গ্রহীতা তারেক রহমানের সাথে তার পারিবারিক বাড়ির বাগানে ‘বোগেনভিলিয়া এবং গাঁদা ফুলে ভরা’ অঙ্গনে তার সাথে কথা বলেছিলেন।

তারেক রহমান বলেন, ‘আমি আমার বাবা-মায়ের পুত্র বলে নয় (বরং) আমার দলের সমর্থকদের কারণেই আজ আমি এখানে আছি।’

ম্যাগাজিনটি বলেছে, গত ২৫শে ডিসেম্বর ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতভর অপেক্ষা করা লক্ষ লক্ষ উচ্ছ্বসিত সমর্থক তাকে স্বাগত জানিয়েছিলেন।

ম্যাগাজিনটির বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে, এর মাত্র পাঁচ দিন পর তার মা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর মারা যান, তার প্রতি শ্রদ্ধা জানাতে রেকর্ড সংখ্যক মানুষ রাজধানীতে সমবেত হন।

টাইম ম্যাগাজিন উল্লেখ করেছে যে, ডিসেম্বরের শেষের দিকের জনমত জরিপে তার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রতি প্রায় ৭০ শতাংশ সমর্থন দেখানো হয়েছে, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে ইসলামীর প্রতি ১৯ শতাংশ সমর্থন রয়েছে।