
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মেগা প্রজেক্টের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে। তিনি আরও বলেন, গত ১৬ বছরে দেশের মানুষের ভাগ্য ও উন্নয়নে কোনো পরিবর্তন হয়নি।
বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, “আমরা গ্রামের মানুষের উন্নয়ন ও নারীর ভাগ্য পরিবর্তনে কাজ করব। মানুষ যেন নিরাপদে চলাচল করতে পারে এবং শান্তিতে ঘুমাতে পারে।”
কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ জিয়ার সময় পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মওকুফ করা হয়েছিল। নির্বাচিত হলে আমরা ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ মওকুফ করব। এছাড়া পর্যায়ক্রমে সকল কৃষককে কৃষি কার্ড প্রদান করা হবে, যা দিয়ে ফসলের বীজ ও সার পৌঁছে দেওয়া সহজ হবে।
নারীদের জন্য তিনি বলেন, মায়েদের স্বাস্থ্যসেবার জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যা ব্যবহার করে প্রতিমাসে সুবিধা নেওয়া যাবে। গ্রামে হেলথ কেয়ার নিশ্চিত করা হবে।
ছেলেমেয়েদের শিক্ষার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে দক্ষতা অর্জন ও বিদেশে আয় করার সুযোগ সৃষ্টি করার কথাও উল্লেখ করেন তিনি। আইটি সেক্টরের কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনা রয়েছে এবং বিভিন্ন বিদেশি কোম্পানিকে দেশে নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের প্রতি মাসে সম্মানি দেওয়া হবে। সরকার গঠিত হলে এসব দাবির বাস্তবায়ন শুরু হবে। এজন্য আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিতে হবে।
সমাবেশে জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া নওগাঁ ও জয়পুরহাটের নির্বাচনি প্রার্থীরাও বক্তব্য দেন।









































