
বিএনপির নারী কর্মী ও সমর্থকরা নিয়মিতভাবে জামায়াত ও ছাত্র শিবিরের হামলা, হুমকি ও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ভুক্তভোগী নারী কর্মীদের সঙ্গে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
রিজভী বলেন, ধর্মকে ব্যবহার করে একটি রাজনৈতিক দলের বট বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করছে। পাশাপাশি জামায়াত ও ছাত্র শিবির অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই নারীদের শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করছে এবং বিএনপির নারী কর্মীদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে।
জামায়াতে কোনো নারী সংসদ সদস্য প্রার্থী নেই উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন দেশের নারীরা। দলটির আমির প্রকাশ্যে বলেছেন, তাদের দলের প্রধান কখনো কোনো নারী হতে পারবেন না।









































