
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে—এই সংস্কৃতি বদলাতে চাই।’ শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অতীতের রাজনীতি দেশকে ফ্যাসিবাদ, একনায়কতন্ত্র ও দুর্নীতির দিকে ঠেলে দিয়েছে। এ রাজনীতিকে লাল কার্ড দেখাতে চায় জামায়াত। হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান—সবাইকে সমান মর্যাদা ও অধিকার দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ তুলে শফিকুর রহমান সবাইকে সংযত থাকার আহ্বান জানান এবং ‘জুলাই আন্দোলনের’ শহীদদের প্রতি সম্মান জানানোর কথা বলেন। নারীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে তিনি মা-বোনদের সম্মান করার আহ্বান জানান।
১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে জামায়াতের আমির বলেন, দাঁড়িপাল্লা প্রতীক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। পরে তিনি ফেনীর তিনটি আসনের প্রার্থীদের প্রতীক তুলে দেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম। আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সাদিক কায়েম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি রাশেদ প্রধানসহ অন্যান্য নেতারা।









































