
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, একাত্তরে যারা হিন্দু ও সনাতন ধর্মাবলম্বীদের নির্যাতন করেছিল, তারাই নবরূপে ফিরে এসে নির্বাচনে অংশ নিচ্ছে। তিনি প্রশ্ন রাখেন, তাদের হাতে দেশের সব নাগরিক আদৌ নিরাপদ কি না।
শুক্রবার সকালে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ তাঁর নির্বাচনী এলাকা পেকুয়া সদরের বিশ্বাসপাড়ায় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় একটি ধর্মভিত্তিক দলের হাতে দেশের সনাতন ধর্মাবলম্বীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছিল। যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারাই সে সময় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন চালিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপির শাসনামলে দেশে সব ধর্মের মানুষ নিরাপদ ছিল এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। তিনি বলেন, বিএনপি কোনো ধরনের জাতিগত বা ধর্মীয় বিভাজন চায় না এবং সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধভাবে বসবাসের আহ্বান জানায়।
পেকুয়া উপজেলা বিশ্বাসপাড়া পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক চন্দময় বিশ্বাস তিলকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপি ও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতারাও বক্তব্য দেন।









































