রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৩০ জানুয়ারি ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শেয়ার

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের


tareque

ছবি: সংগৃহীত

আসন্ন গণভোটে দলমত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরের ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাঁও মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, রংপুর হলো শহীদ আবু সাঈদের পবিত্র রক্তে ভেজা মাটি। আবু সাঈদ ও ওয়াসিমসহ প্রায় ১ হাজার ৪০০ শহীদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই ‘জুলাই সনদ’ রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব।

তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সাধারণ মানুষের যে ঐক্য দেখা গেছে, তা ধরে রাখতে হবে। নিশিরাত বা ডামি নির্বাচনের দিন শেষ উল্লেখ করে তিনি জনগণকে নিজেদের ভোটাধিকার প্রয়োগে সজাগ ও সচেতন থাকার আহ্বান জানান।

রংপুরের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, অনেকেই রংপুরকে দরিদ্র অঞ্চল বলে থাকলেও এটি একটি সম্ভাবনাময় এলাকা। বিএনপি ক্ষমতায় গেলে রংপুরকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপন করা হবে এবং ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে, যাতে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়। পাশাপাশি স্থানীয় আইটি প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট সময়ের জন্য কর ছাড় দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষক ও নারীদের কল্যাণে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে এবং তাদের হাতে কৃষি কার্ড পৌঁছে দেওয়া হবে। অন্তত এক ফসলের জন্য বীজ ও কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা হবে। পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীদের অর্থনৈতিক সক্ষমতা ও অধিকার নিশ্চিত করা হবে।

শেষে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি, এখন আপনাদের পরিকল্পনা কী?’ এ সময় জনতা ‘ধানের শীষ’ স্লোগান দিলে তিনি সবাইকে ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।