
ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় দুই দশক পর সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নিতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্পপার্কে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এই জনসভা মঞ্চ থেকেই সিরাজগঞ্জ ও পাবনা জেলার সব সংসদীয় আসনের বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে সিরাজগঞ্জে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জনসভা উপলক্ষে বিশাল মঞ্চ নির্মাণসহ নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জনসভাস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জের ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, তারেক রহমানের জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ঘটবে।
উল্লেখ্য, এর আগে ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সর্বশেষ জনসভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান।










































